Published : 16 Jul 2026, 03:15 AM
দেশের অন্যতম অগ্রণী বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার জন্য আগামী তিন বছরের (২০২৬ থেকে ২৯) কার্যকালের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। এই নতুন পর্ষদের নেতৃত্বে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি এই পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করতে গত ৪ জুন থেকে মো. মিজানুর রহমান খান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট মহল আশা করছেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে প্রশিকা প্রাতিষ্ঠানিক সুশাসন ও স্বচ্ছতার মান বজায় রেখে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। নতুন চেয়ারপারসন এম জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
একজন শিক্ষাবিদ হিসেবে তিনি কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মতো বিশ্বব্যাপী প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। ক্ষুদ্রঋণ, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু অর্থায়ন বিষয়ে তাঁর ৩০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। একাডেমিক কাজের পাশাপাশি বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ডিএফআইডিসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থায় পরামর্শক হিসেবে তাঁর অভিজ্ঞতা রয়েছে। উন্নয়ন ও গবেষণার কাজে তিনি বিশ্বের ৭০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। অন্যদিকে, ভারপ্রাপ্ত সিইও মো. মিজানুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ১৯৯৭ সালে এলাকা সমন্বয়কারী হিসেবে প্রশিকায় কর্মজীবন শুরু করেন। তিন দশকেরও বেশি অভিজ্ঞতার পর তিনি বিভিন্ন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং পরিচালক পদে উন্নীত হন। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন এই সংগঠকের নিবাস ময়মনসিংহের গৌরীপুরে।
নতুন পরিচালনা পর্ষদে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গ্যানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহীদ উজ জামান ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া, শমরিতা হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম তুহিন ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। কোষাধ্যক্ষ পদে বিশিষ্ট নারী অধিকার কর্মী ও উন্নয়নকর্মী রফিকা আক্তার, এবং সদস্য হিসেবে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সমাজকর্মী মো. আবদুল খালেক তালুকদার ও রেণুকা বিশ্বাস দায়িত্ব পেয়েছেন। পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুণ ব্যানার্জী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন শামস এবং সেন্টার ফর ও ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের (সিডিআইপি) নির্বাহী পরিচালক মিফতাহ নাইম হুদা। এই নতুন কমিটির অধীনে প্রশিকার প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সংস্থার কার্যক্রম দেশের প্রতিটি প্রান্তে আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তি ও উন্নয়ন সহযোগীরা আশাবাদ ব্যক্ত করেছেন।।